সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার বাসস্ট্যান্ডের কয়েকশত গজ দূরত্বে অবস্থিত বাংলাদেশ বেতারের স্টাফ কোয়ার্টারের (রেডিও কলোনি) প্রায় ১০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কোয়ার্টারের ভেতরের সড়ক এবং খেলার মাঠ পানিতে থই থই করছে। গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে রেডিও কলোনিসহ অনেক এলাকার মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। দুর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার (১৩ জুলাই) বিকেলে রেডিও কলোনি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুন্নাফ মিয়া প্রশাসনের কাছে তাদের এ দুর্ভোগ লাঘবে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান।
জানা গেছে, কোয়ার্টারের ভেতরে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ, রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, একটি মসজিদ ও রেডিও কলোনি কল্যাণ সমিতি রয়েছে। জলাবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান ব্যাহত হচ্ছে।
রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কলোনি মাঠে কোরবানির ঈদে পশুর হাট বসানোর কারণে পানি সরানোর প্রধান ড্রেনটি বন্ধ হয়ে যায়। ফলে টানা বৃষ্টিতে এ ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এদিকে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি, আড়াপাড়া, বাজার রোড, পাকিজা মোড়, ইমান্দিপুর, শাহীবাগ, গেন্ডা, তালবাগ, রাজাবাড়ি, ডগরমোড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পাকিজা ডাইংয়ের কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এতে দুর্গন্ধ ও বিষক্রিয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।



