মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্নাকে (৪২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর থানা এলাকার বালাশুর বউবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মুন্না উত্তর বালাশুর এলাকার মরহুম শেখ সুজা উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। শ্রীনগর থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দেয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



