ঈদগাঁও (কক্সবাজার)
কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানসহ উপহার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বত্য বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে ৬০০ জন এ সেবা নেন।
বিজিবি সূত্র জানায়, ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের নেতৃত্বে দু’জন অভিজ্ঞ বিজিবি ডাক্তারের তত্ত্বাবধানে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মায়ানমার সীমান্তে বসবাসরত অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা, কিয়াংঘর এবং পঙ্গু ব্যক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, ‘বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সবসময়ই সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’



