কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে তিন শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার সিদলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মো: হাসিবুর রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— উপজেলার সিদলাই গ্রামের রিপন মিয়ার ছেলে মো: আলিফ ইসলাম (৫), কামরুল হাসানের ছেলে মো: হামিম (৫), শরিফুল ইসলামের ছেলে মো: তানভির (৪), একই গ্রামের হুজাইফা (৩), কুলসুম (১০) এবং শিরিন (১৯)। এদের মধ্যে আলিফ ইসলাম ও তানভীরের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় খেলাধুলার সময় একটি পাগলা কুকুর এসে এলোপাতাড়ি কামড় দিতে থাকে। এতে ৬ জন আহত হন। আহতদের স্বজনরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আলিফ ও তানভীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মো: হাসিবুর রেজা বলেন, ‘কুকুরের কামড়ে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’



