‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষকদলের সভাপতি মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব আবু মুসা, সাবেক সদস্য সচিব মাস্টার ইউনুস, সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব হাসান, আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সমন্বয়ক হারুন উর রশীদ, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য নিজাম উদ্দিন তৌহিদ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সাহেদ আহসান, হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশও নিশ্চিত করে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।’
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষকদলের সভাপতি মো: আশরাফ উদ্দিন বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা কৃষকদল মিরসরাইয়ের প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।’
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।



