লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসী বিরোধী আইন ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীতে হামলা-ভাংচুরের ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী দলীয় সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনকে প্রধান আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার দেবনগরপুর এলাকার নুরুল ইসলাম কালার ছেলে রবিউল হাসান রাব্বি রামগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন খাঁন ছাড়াও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ওসি বলেন, সন্ত্রাস বিরোধী আইন ও হামলা ভাংচুরের ঘটনায় সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরো এক শ’ থেকে দেড় শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কামরান হোসেন রাজু (২৮) শেখ ফরিদ শাহীন (৩০),নাজমুল ইসলাম রাব্বীসহ (৩০) পাঁচজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। গত ১৬ জুন উপজেলার উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একত্রিত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।
এ সময় বাধা দিতে গেলে উপস্থিত ব্যক্তিদের মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর জেরে ব্যাপক তাণ্ডব চালানো হয়। সূত্র : বাসস



