রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে আবদুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতির আগামী ১৫ সেপ্টেম্বরের সিলেট সফরের কর্মসূচি সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করেন।
সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে বলে জানা গেছে।



