শিবচরে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান হানজালার

সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘বাঁশকান্দি তথা পুরো শিবচরের মাটিতে কোনো মাদককারবারি, কোনো অপরাধীর ঠাঁই হবে না। মাদককারবারি যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
বাঁশকাঁদি ইউনিয়নে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা
বাঁশকাঁদি ইউনিয়নে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা |নয়া দিগন্ত

শিবচর থেকে মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার (৩১ মে) বিকেলে মাদারীপুর জেলার শিবচরের বাঁশকান্দি ইউনিয়নে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমি শিবচর থেকে মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে মাদক বিস্তারে পাশের দেশের ষড়যন্ত্র রয়েছে।’

মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে এই ভয়ানক ব্যাধি থেকে রক্ষা করতে হবে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সামাজিক আন্দোলন।’ এ কাজে তিনি প্রশাসনের আরো সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, ‘বাঁশকান্দি তথা পুরো শিবচরের মাটিতে কোনো মাদককারবারি, কোনো অপরাধীর ঠাঁই হবে না। মাদককারবারি যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশে তাদের সন্তানদের প্রতি আরো যত্নশীল এবং নজরদারি বাড়ানোর অনুরোধ করেন।

সভায় এলাকার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং যুবসমাজের ভবিষ্যৎ যাতে ভালো করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের কর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।