নোয়াখালীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২

জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় পিস্তলের দু’টি তাজা কার্তুজও উদ্ধার করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
গ্রেফতার ফরহাদ ইসলাম ফাহিম ও তাজুল ইসলাম সুমন
গ্রেফতার ফরহাদ ইসলাম ফাহিম ও তাজুল ইসলাম সুমন |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মো: মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) এবং একই ওয়ার্ডের রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারে টহল ডিউটি পালন করছিল। ওই সময় উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘির পাড় মোড় এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে যায়। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করা হয় এবং একজন পালিয়ে যান। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে ফাহিমের পরিহিত প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলের দু’টি তাজা কার্তুজও উদ্ধার করা হয়।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন বলেন, ‘গ্রেফতার পলাতক আরেক সহযোগীকে নিয়ে তারা এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় গ্রেফতার দু’জনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’