মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে ময়লাবাহী গাড়ি ও একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকা অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর থেকে ঢাকাগামী একটি ময়লাবাহী গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মিনি পিকআপটি সড়কের পাশের ঢালে পড়ে যায় এবং গাড়িটির আংশিক অংশ মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে সিরাজদিখান থানার টহলরত পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে অপর একটি পিকআপযোগে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তি মারা যান।
অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসারা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ জানান, ‘ময়লাবাহী গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



