কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

গোসল করার সময় তাদের বলটি পুকুরের মাঝখানে চলে যায়। সেটি আনতে গিয়ে মাহির পানিতে তলিয়ে যায়।

মো: আল আমিন, কিশোরগঞ্জ

Location :

Kishoreganj
মোহাম্মদ মাহির
মোহাম্মদ মাহির |সংগৃহীত

কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মাহির (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে জেলা শহরের রেলস্টেশন পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোরাআনে হাফেজ মাহিরের বাবার নাম মোফাজ্জল হোসেন কচি। তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। কচির দুই ছেলে জেলা শহরে পড়াশোনা করে। এ সুবাদে তার পরিবার জেলা শহরের পুরান থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।

তাদের গ্রামের বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা-মুনিয়ারকান্দা গ্রামে।

মাহিরের চাচাতো ভাই বায়েজিদ জানান, ‘দুপুরে মাহির বন্ধুদের নিয়ে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। পরে তিন বন্ধু মিলে গোসল করতে রেলওয়ে পুকুরে যায়। গোসল করার সময় তাদের বলটি পুকুরের মাঝখানে চলে যায়। সেটি আনতে গিয়ে মাহির পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা বাসায় খবর দেয়। পরে পরিবারের লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাহিরের লাশ পানি থেকে উদ্ধার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আব্দুল্লাহ খালিদ জানিয়েছে, ৯৯৯ থেকে খবর পেয়ে তাদের ডুবুরি দল রেলওয়ে পুকুরে তল্লাশি চালায়। দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।