রংপুরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের আধিপত্যের দ্বন্দ্বে ভ্যানচালক খুন

মঙ্গলবার দুপুরে রংপুরে আদালতে হাজিরা দিতে আসে বদরগঞ্জের কিশোর গ্যাংয়ের মমিনুল ইসলাম ও ফিরোজ শাহ গ্রুপ। আদালতেই মমিনুলের উপর হামলা চালায় ফিরোজ শাহ গ্রুপ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
নিহত ভ্যানচালক আরিফুল ইসলামের স্বজনদের আহাজারী
নিহত ভ্যানচালক আরিফুল ইসলামের স্বজনদের আহাজারী |নয়া দিগন্ত

রংপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্যের জেরে ছুরিকাঘাতে প্রাণ গেলো আরিফুল ইসলাম (৩০) নামের এক ভ্যানচালকের।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বদরগঞ্জের বালুয়াভাটা আম্বিয়ার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, মঙ্গলবার দুপুরে রংপুরে আদালতে হাজিরা দিতে আসে বদরগঞ্জের কিশোর গ্যাংয়ের মমিনুল ইসলাম ও ফিরোজ শাহ গ্রুপ। আদালতেই মমিনুলের উপর হামলা চালায় ফিরোজ শাহ গ্রুপ। এসময় মমিনুল রক্তাক্ত হলে পরে সেটির মীমাংসা হয় আদালত চত্বরেই।

ওসি আরো জানান, আদালত থেকে এলাকায় ফিরে গিয়ে এ নিয়ে উত্তেজনা দেখা দেয় দুই গ্রুপের মধ্যে। মমিনুল বাহিনী ফিরোজ বাহিনীকে অস্ত্র নিয়ে খুঁজতে থাকে। না পেয়ে কলেজপাড়ার ফিরোজের বাড়িতে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে ফিরোজ গ্রুপের লোকজন মমিনুলের লোকজনকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আম্বিয়ার মোড়ে ভ্যানচালক আরিফুলকে একা পেয়ে বেধড়ক ছুরিকাঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় ফিরোজ গ্রুপের জামাল হোসেন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। হামলাকারীদের গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

এ ব্যাপারে হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালক আরিফুল ইসলামের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘আমার ছেলে ভ্যান চালিয়ে আম্বিয়ার মোড়ে এসে বিশ্রাম নিচ্ছিল। এসময় মার্ডার ফিরোজের লোকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। দিনেদুপুরে এভাবে আমার সন্তানকে হত্যা করেছে। আমিও চাই তাদের ফাঁসিতে ঝোলাতে।’