ডিমলা থানার জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুস সাত্তার।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে থানা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ডিউটি অফিসারের কক্ষের ছাদের একটি বড় অংশের পলেস্তারা হঠাৎ খসে পড়ে। এতে দায়িত্বরত উপ-পরিদর্শক মো: মসলিম উদ্দিনের কাঁধে আঘাত লাগে। তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই ঘটনায় থানার একটি ডেস্কটপ কম্পিউটার সম্পূর্ণ অকেজো হয়ে যায়।
অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘ডিমলা থানার অবকাঠামোগত পরিস্থিতি আমি নিজে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপদ ও উপযোগী কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সম্প্রতি একজন সদস্য আহত হওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগের। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্রুত আলোচনা করব। জরুরি সংস্কারের পাশাপাশি নতুন থানা ভবন নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় পরিবেশ ও সহযোগিতা দেয়া আমাদের সবার দায়িত্ব। শুধু পরিদর্শন করেই ক্ষান্ত না হয়ে সংশ্লিষ্ট দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেয়া হবে।’
এর আগে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার জানান, বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। তিনি এটিকে গুরুত্বসহকারে দেখছেন।
তিনি আরো জানান, আগে থেকেই নতুন ভবনের চাহিদা পাঠানো হয়েছে।



