মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে একটি টেক্সটাইল মিলের ম্যানেজারের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে।
সম্প্রতি প্রায় এক মিনিট ২১ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং একটি অনলাইন টেলিভিশনে প্রচারিত হলে বিষয়টি আলোচনায় আসে। এরপর থেকেই জেলা জুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
অভিযোগ অনুযায়ী, চর মুক্তারপুরে অবস্থিত আইডিয়াল টেক্সটাইল মিলসের ম্যানেজার মো: আব্দুর রহমানের কাছে চাঁদা দাবি করা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এমনকি ঈদের আগে লোক পাঠিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট প্রচারণা।’ ২০২৪ সালে মিলের এক শ্রমিক নিহতের ঘটনাকে ঘিরে তাকে জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
পাশাপাশি তিনি দাবি করেন, ম্যানেজারের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য দেয়া হয়েছে।
অন্যদিকে ম্যানেজার আব্দুর রহমান বলেন, ‘ওই শ্রমিক নিহতের ঘটনায় শহিদের সাথে তার কোনো ধরনের যোগাযোগ হয়নি।’
তিনি অভিযোগ করেন, সরকার পতনের পর কারখানায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হচ্ছিল। এক পর্যায়ে ফোনালাপে তাকে হত্যার হুমকি দেয়া হয় এবং প্রতিষ্ঠানের মালিককে গালিগালাজ করা হয়, যা ফাঁস হওয়া অডিওতে উঠে এসেছে।
তিনি বলেন, ‘আমি কোনো লিখিত কাগজ দেইনি। বর্তমানে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থান করছি।’
এদিকে পঞ্চসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার বলেন, ‘দলীয় পদ ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ রয়েছে শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে।’
এ বিষয়ে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’



