বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে শামীম রহমান (৩৩) নামে এক ভূয়া ব্যারিস্টারকে গ্রেফতার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শামীম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মরহুম লাল মিয়ার ছেলে। তার কাছ থেকে ডজন খানেক বিভিন্ন কোম্পানির সিম কার্ড, দু’টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড ও নিজ নামের বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করে।
পুলিশ জানায়, হারুন-উর রশিদ নামের এক ব্যক্তি গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে কিছুদিন আগে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ব্যক্তির সাথে একটি মামলার সাক্ষীদের পরিচয় হয়। ওই সময়ে আলাপচারিতার একপর্যায়ে ব্যক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে নিজের নাম ব্যারিস্টার শামীম রহমান এবং বেশিভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলে জানান। তিনি কেন্দ্রের সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করে ভালো পদ-পদবি দিতে পারবেন বলেও তাদের আশ্বস্ত করেন।
পুলিশ আরো জানায়, গত ২২ জুন বিকেল সাড়ে ৫টার দিকে শামীম রহমান ফোন করে সাক্ষী মো: ইমরান হোসেন ও মো: গোলাম রব্বানী জায়েদারকে মম-ইন কফি শপের সামনে যেতে বলেন এবং তাদের সাথে দলের পদ-পদবি নিয়ে কথা বলবেন বলে জানায়ন। ইমরান ও গোলাম রব্বানী সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় ওই কফি শপের সামনে গেলে ব্যারিস্টার শামীম রহমান নামধারী ব্যক্তি আলাপচারিতার একপর্যায়ে ইমরান হোসেনকে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেয়ার জন্য দুই লাখ টাকা এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ দেয়ার কথা বলে তার কাছে এক লাখ টাকা দাবি করে। ইমরান হোসেন ও গোলাম রব্বানী তাকে যথাক্রমে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরে তারা বিভিন্ন মারফতে খোঁজ নিয়ে জানতে পারেন ব্যারিস্টার শামীম রহমান নামে তারেক রহমানের কোনো চাচাতো ভাই নেই এবং ওই মোবাইল নম্বর ব্যবহারকারী ব্যক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে বগুড়া জেলাসহ বিভিন্ন জেলায় ফোন এবং ম্যাসেজ দিয়ে দলীয় নেতা-কর্মীদের এবং প্রশাসনের বিভিন্ন সিনিয়র অফিসারের কাছে পদ ও পোস্টিংয়ের কথা বলে টাকা দাবি করে আসছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর বগুড়া ডিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারক শামীমকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং ভূয়া ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দেয়ার কথা স্বীকার করেন। সদর থানার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার রায়হান ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন।



