মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মৃত ফুফুকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জে আসার পথে ফায়ার সার্ভিস মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে কাঁকড়াগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
জাহিল জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে।
আহতরা হলেন, নিহত জাহিলের মা বিথী (৩৫), জুনাইল ফকির বাড়ির ওয়াজেদ আলী ফকিরের স্ত্রী সামিরা (৫৫) এবং জুনাইল এলাকার মিজানের স্ত্রী সেলিনা (২৬)। আহতদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়।
সূত্রে জানা যায়, তারা জামালপুর থেকে তেঘরিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তেঘরিয়া এলাকার দুদু মিয়ার মেয়ে খুশো সোমবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাকে দেখতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় রফিকুল ইসলাম জানান, ফুফুকে দেখতে যাওয়ার পথে শিশুটি নিজেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল। তার মা গুরুতর আহত হয়ে জামালপুর হাসপাতালে রেফার্ড হয়েছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মো: আবু রায়হান জানান, সকাল ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিনজনের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার্ড করা হয়েছে এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
ঘটনার পর পুলিশ কাঁকড়াগাড়ির চালককে আটক করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



