চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর মাদক সংগ্রহকালে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
আটকরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো: সন্তো মণ্ডলের ছেলে মো: রকো হোসেন ওরফে রকো (৩৫) এবং একই গ্রামের মো: খোদা বকশ ওরফে খুদু মণ্ডলের ছেলে মো: রাশিদুল ইসলাম ওরফে দুলি (৩৬)।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশীকে আটক হওয়ার তথ্য পাওয়ার পরপরই বিজিবি বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে যোগাযোগের উদ্যোগ নিয়েছে।
বিএসএফ জানিয়েছে, আটক দু’জন বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ভারতের আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, আটক রকো ও দুলি দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতীয় সীমান্তে প্রবেশের পর মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে কী পরিমাণ ও কী ধরনের মাদক জব্দ করা হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে আটককৃতদের পরিবারের পক্ষ থেকে বিজিবির সাথে আলোচনা করা হয়েছে। তবে তারা ভারতে কি অবস্থায় আছে তা আটককৃতদের পরিবার এখনো নিশ্চিত নয়।



