আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এরই অংশ হিসেবে সোমবার (২৫ মে) মইজ্জারটেক পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী।
পরিদর্শনকালে তিনি হাটে আগত সাংবাদিক, পশু ব্যবসায়ী, ইজারাদার ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন এবং কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নেয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
সিএমপি কমিশনার বলেন, কোরবানির পশু কেনাবেচাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রতারণা, চাঁদাবাজি কিংবা ভোগান্তির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি।
তিনি আরো বলেন, দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি নিরলসভাবে কাজ করছে। পশুর হাটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা আইনি সহায়তার জন্য অস্থায়ী কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ইজারাদারদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক চক্র ও চাঁদাবাজদের বিরুদ্ধেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওয়াহিদুল হক চৌধুরী, মো: ফেরদৌস আলী চৌধুরী, নেছার উদ্দিন আহম্মেদ ও মো: আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



