মানিকগঞ্জের ঘিওরে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে খুদে বিজ্ঞানীদের মেলা শুরু হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলায় স্থানীয় আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর ইসলাম ও উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এই মেলা মাইলফলক হিসেবে কাজ করবে এবং সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই খুদে বিজ্ঞানীরাই একদিন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশকে সমৃদ্ধ করবে।’



