গাজীপুরে সুজন জেলা সহ-সভাপতির লাশ উদ্ধার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাত ১১টার আগের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা হত্যার পর লাশটি ধীরাশ্রম এলাকার সড়কের পাশে ফেলে রেখে যায়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাজীপুরে গলায় রশি পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় সুশাসনের জন্য নাগরিক- সুজনের জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাতে পূর্ব ধীরাশ্রম এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নাগরিক সংগঠন সুজনের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে কামরুজ্জামান মোল্লা নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলাসংক্রান্ত কাজে যান। কিন্তু নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

এদিকে রাতের দিকে নগরের পূর্ব ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকালে লাশটির গলায় রশি পেঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি কামরুজ্জামান মোল্লার বলে শনাক্ত করেন।

সুজন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, ‘কামরুজ্জামান মোল্লা সংগঠনের একজন দায়িত্বশীল ও সক্রিয় নেতা ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।’

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, পারিবারিকভাবে কারো সাথে তার প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তবে ব্যবসায়িক লেনদেনের কোনো বিষয় থেকে শত্রুতা তৈরি হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাত ১১টার আগের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা হত্যার পর লাশটি ধীরাশ্রম এলাকার সড়কের পাশে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।