সাভারে কাজ করার সময় পাঁচতলা ভবন থেকে পড়ে রহিম মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার এমারত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কাজ করায় এঘটনার পর থেকে বাড়িওয়ালা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রহিম মিয়া নামের ওই রাজমিস্ত্রি এমারত আলীর পাঁচতলা বাড়িতে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ( সেফটি) ছাড়াই কাজ করছিলেন। বাড়ি মালিককে নিরাপত্তা ব্যবস্থা করে দেয়ার কথা বললেও তিনি কর্ণপাত করেননি। রোববার কাজের এক পর্যায়ে অসাবধানতা বশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’



