তাহিরপুরে মাহরাম নদীতে অবৈধ বালু উত্তোলন, আটক ২

সহকারী কমিশনার শারুখ আলম শান্তনু বিকেলে আটক দুই যুবককে ‎বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
আটক দুই যুবক
আটক দুই যুবক |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে মাহরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার সময় দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উত্তর বদল ইউনিয়ন থেকে তাদের আটক করেন।

আটকরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিগাও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আশিক মিয়া (২৫) ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে আক্তার মিয়া (২৫)।

সহকারী কমিশনার শারুখ আলম শান্তনু বিকেলে আটক দুই যুবককে ‎বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে স্থানীয় এলাকাবাসীরা জানায়, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন ধরেই মাহরাম নদীর ডিপচর নামক এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন পুরানঘাট ডিপচর গ্রামের প্রায় ১৫ জনের একটি বালু খেকো সিন্ডিকেট চক্র।

শারুখ আলম শান্তনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।