আনোয়ারায় গ্রাম আদালত সেবা নিয়ে মাইকিং ও ভিডিও শো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় গ্রাম আদালত সেবা নিয়ে মাইকিং ও ভিডিও শো
আনোয়ারায় গ্রাম আদালত সেবা নিয়ে মাইকিং ও ভিডিও শো |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে প্রচারণা চালানো হয়।

স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ছোটখাটো বিরোধ দ্রুত, স্বল্প খরচে ও সহজভাবে নিষ্পত্তির লক্ষে গ্রাম আদালত কার্যক্রম চালু রয়েছে বলে জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা (ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন) ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রচারণায় বলা হয়, গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করা সম্ভব। প্রতারণা, ঝগড়া-বিবাদ, মারামারি, সম্পত্তি আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ফৌজদারি বিষয় এবং পাওনা টাকা আদায়, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, কৃষি শ্রমিকের মজুরি ও স্ত্রীর ভরণপোষণসহ বিভিন্ন দেওয়ানি বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়। এ সময় ‘আর যাব না দূরের পথে, বাড়ির পাশেই গ্রাম আদালতে’ এই স্লোগানে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

এদিকে সন্ধ্যায় রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি ভিডিও শো অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭৫ জন মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতা ১০ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সমন্বয়কারী মো: ফারুকুজ্জামান।

উপস্থিত ছিলেন প্রকল্পের চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁইয়া, ইউপি সদস্য মোহাম্মদ ইসহাক, সংরক্ষিত মহিলা সদস্য বুলবুল আক্তার, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।