দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করে র্যাব-১৩।
গাঁজাসহ গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার গোবিন্দপাড়া গ্রামের মরহুম সহীদুল ইসলামের ছেলে ওসমান গনি (৪৫), একই গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে মো: আইনুল হক (৪০) ও সাহডুবী গ্রামের নবীর হোসেনের ছেলে মো: সাকিব ইসলাম (১৯)।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোবিন্দপাড়া গ্রামে মো: ওসমান গনি নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়ালঘরের ভেতর থেকে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসমান গনিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহের কথা স্বীকার করে। উদ্ধার করা গাঁজার চালানটি বিক্রির জন্যই গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়েছিল বলে তারা জানায়।
রংপুর র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া গাঁজাসহ গ্রেফতার আসামিদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া গাঁজার উৎস, সরবরাহকারী ও জড়িত অন্য আসামিদের শনাক্তে তদন্ত চলছে। এ চক্রের সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।



