লালমোহনে খাটের নিচ থেকে ১১৭০ কেজি সরকারি চাল উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে খাটের নিচ থেকে ১১৭০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। অভিযানের পর অভিযুক্ত জসিম পালিয়ে যান।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
চাল উদ্ধার
চাল উদ্ধার |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের খাদ্য সহায়তার ১১৭০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার জসিম সর্দারের বসতঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপান সংবাদের ভিত্তিতে জসিমের বাড়িতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের নয় বস্তা চাল উদ্ধার করে উপজেলা মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়। অভিযানের পর অভিযুক্ত জসিম পালিয়ে যান।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলেদের খাদ্য সহায়তার ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের নয় বস্তা, মোট ১১৭০ কেজি চাল উদ্ধার করা হয়। চালগুলো মূলত অবৈধভাবে মজুদ করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। জেলেদের চাল বিক্রি বা মজুদ করার সুযোগ নেই এবং কারো কাছে এত চাল থাকার কথা নয়। এ ঘটনায় মামলা করা হবে।’