চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোক্তা-অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্স ছাড়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির অপরাধে মেসার্স তিতাস সাইকেল স্টোরকে দুই হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি ও বেআইনিভাবে ডাক্তার পদবি ব্যবহারের দায়ে মেসার্স সামিরন ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মেসার্স রবিউল বীজ ভাণ্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি, ক্যাব প্রতিনিধি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থ ও ভোক্তা-অধিকার রক্ষায় বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



