রমজানের ত্রাণে প্রতারণা, তেলের বদলে পানি সরবরাহ

নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর নিয়ে ট্রাকে করে গুদামে পৌঁছায়। কিন্তু পণ্য খালাসের সময় শ্রমিকদের সন্দেহ হলে কার্টুন খুলে দেখা যায়, টিসিবির স্টিকার লাগানো নয়টি বোতলের প্রতিটিতেই তেলের বদলে পানি।

Location :

Panchagarh
পানি ভর্তি ভোজ্যতেলের বোতল
পানি ভর্তি ভোজ্যতেলের বোতল |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির রমজান পণ্য সরবরাহে এক প্রতারণার ঘটনা ঘটেছে। ভোজ্যতেলের বোতলের ভেতরে তেল না দিয়ে পানি ভর্তি করে পাঠানোর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, টিসিবির পণ্য পরিবহনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আনোয়ারা ট্রেডার্স’ নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর নিয়ে ট্রাকে করে গুদামে পৌঁছায়। কিন্তু পণ্য খালাসের সময় শ্রমিকদের নজরে আসে একটি কার্টুনের ওজন অস্বাভাবিক বেশি। সন্দেহ হলে খুলে দেখা যায়, টিসিবির স্টিকার লাগানো নয়টি বোতলের প্রতিটিতেই তেলের বদলে পানি।

বিষয়টি নিশ্চিত করে সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ট্রাকটি থেকে পণ্য খালাসের সময়ই একটি পুরো কার্টুনে তেলের বদলে পানি পাওয়া যায়। সাথে সাথেই বিষয়টি ইউএনওকে জানিয়ে ট্রাকটি আটক রাখা হয়েছে।

ট্রাকচালক মইনুল ইসলাম বলেন, ‘দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্য নিয়ে প্রথমে দেবীগঞ্জ, পরে বোদায় পণ্য পৌঁছানোর কথা ছিল। আমার কিছুই জানা নেই।’

অভিযোগ অস্বীকার করলেও স্থানীয় টিসিবি প্রতিনিধি শিবু জানান, বিষয়টি ঠিকাদারকে জানানো হলে তারা সরাসরি অস্বীকার করে।

তবে স্থানীয় সুবিধাভোগীরা বলছেন, এটি প্রথমবার নয়, এর আগেও নিম্নমানের পামওয়েল দিয়ে ভোজ্যতেলের জোগান দিয়েছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন নজরদারি না থাকায় প্রতারণা বারবার ঘটছে বলে অভিযোগ কার্ডধারীদের।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার কথা শুনেছি। প্রতিনিধির প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’