চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় ও বালু মহলে লাল পতাকা স্থাপন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত উপজেলার বরকল সেতু সংলগ্ন এলাকায় ১১টি বালুর স্তুপে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় বালুর স্তুপগুলোতে লাল পতাকা স্থাপন করেন উপজেলা প্রশাসন। পরবর্তীতে বালুর ব্যবসার সাথে জড়িতদের বৈধ কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে নির্দেশ দেয়া হয়।
অভিযান কালে দুইটি ট্রাকের দুজন চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ২ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে তেলের দোকানে লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় ২০ হাজার টাকা, এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে দুই শত টাকাসহ ৪ জনকে ৪ টি মামলায় মোট ৪০ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।



