আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কঠিন প্রতিযোগিতায় এগিয়ে গিয়ে প্রতিষ্ঠানটি অর্জন করেছে এক অনন্য স্বীকৃতি।
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা র্যাঙ্কিং সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এ ‘কৃষি ও বনায়ন’ ক্যাটাগরিতে প্রথমবারের মতো ৪০১-৪৭৫তম অবস্থান। এই অর্জন শুধু গাকৃবির জন্য নয়; দেশের কৃষি উচ্চশিক্ষা ও গবেষণা খাতের জন্যও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত বুধবার (২৫ মার্চ) কিউএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় বিশ্বের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করে স্থান করে নেয়া গাকৃবির এই অগ্রযাত্রাকে সংশ্লিষ্টরা দেখছেন বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক সক্ষমতার প্রতিফলন হিসেবে।
কিউএস-এর প্রকাশিত তালিকায় ‘কৃষি ও বনায়ন’ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া।
কিউএস-এর তথ্য অনুযায়ী, এ র্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টিরও বেশি শিক্ষা ব্যবস্থার অধীনে এক হাজার ৯০০-এর বেশি প্রতিষ্ঠান ও ২১ হাজারেরও বেশি অ্যাকাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি বৃহৎ ফ্যাকাল্টি ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
গাকৃবির এ অগ্রগতি এক বছরে ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্যেরই প্রতিফলন। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একইসাথে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় ও পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অধিকার করে।
এছাড়া টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই র্যাঙ্কিংয়ের সাবজেক্ট তালিকায় লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
টিএইচই ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
অন্যদিকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) ২০২৫-এ ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই র্যাঙ্কিংয়ে প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ৭৭তম এবং শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৩১তম, যা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
গাকৃবির এই ধারাবাহিক অগ্রগতির পেছনে বর্তমান ভিসি অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব, গবেষণার বিস্তার ও আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাকাডেমিক পরিবেশ গঠনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রতিক্রিয়ায় ভিসি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি শুধু একটি র্যাঙ্কিং উন্নয়ন নয়; বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। আমরা এই অর্জনকে সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখি।’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার পরিবেশ সৃষ্টি, আধুনিক পাঠক্রম উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে একটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে পৌঁছানোই আমাদের লক্ষ্য।’



