নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়িতে ফেরার পথে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে মাছিমদিয়া এলাকায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান বর্গাচাষী লাভলী।
তিন লিটার তেল নিয়ে বাড়িতে ফেরার পথে মাছিমদিয়া মসজিদে পাশে তেলের ড্রামসহ পড়ে যান তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্গাচাষী লাভলী নড়াইল সদরের আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
লাভলীর আপন ছোট ভাই নাজমুল হোসেন বলেন, আপা দরিদ্র বর্গাচাষী। দুলাভাই অসুস্থ থাকায় তিনি বাড়ির পাশে বোরো ধানের বর্গা জমিতে নিয়মিত সেচ দিতেন। প্রতিনিয়ত লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তেল নিতেন। আজও (সোমবার) লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে ফেরার পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী তামিমসহ অনেকে জানান, পাম্প থেকে তেল নিয়ে পাশের মাছিমদিয়া ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যাওয়ার সময় পথিমধ্যে সড়কে লুটিয়ে পড়েন লাভলী বেগম। এ সময় তার হাতে তেলের ড্রাম ও কিছু টাকা ছিল। প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরিবারের সম্মতিতে তার ময়নাতদন্ত হয়নি।
অতিরিক্ত গরমে লাভলী বেগম স্ট্রোক করে মারা গেছেন কিনা ? এ প্রশ্নের জবাবে ডা: লিপিকা রানী বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না।’
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ‘লাভলী বেগমের মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।’



