বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড বিলোপ ও চেয়ারম্যান ডা: বাবলুকে অপসারণের প্রতিবাদ

শনিবার (১৮ এপ্রিল) নগরীর সাতরাস্তার মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন ডা: মোস্তফা কামাল।

খুলনা ব্যুরো
নয়া দিগন্ত

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড বিলুপ্ত করা ও বোর্ডের চেয়ারম্যান বিএমএ ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা: মো: রফিকুল হক বাবলুকে অপসারণের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৮ এপ্রিল) নগরীর সাতরাস্তার মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন ডা: মোস্তফা কামাল।

এতে খুলনার চিকিৎসক নেতারা বলেন, ‘খুলনার স্বাস্থ্যখাত নতুন এক অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে। প্রবীণ চিকিৎসক নেতা ডা: মো: রফিকুল হক বাবলুর অপসারণকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর জেরে কর্মবিরতির হুঁশিয়ারি এসেছে, যা হলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ রোগীদের চিকিৎসাসেবায়।’

বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান পদ মব সৃষ্টি করে ডা: বাবলুকে ষড়যন্ত্রমূলক ও বেআইনি প্রক্রিয়ায় অপসারণ করা হয়েছে অভিযোগ তুলে তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের দাবি, একটি ‘কুচক্রী মহল’ পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নিয়েছে, যা চিকিৎসক সমাজের মর্যাদার ওপর সরাসরি আঘাত।

কর্মসূচিতে আল্টিমেটাম দিয়ে তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডা: বাবলুকে সসম্মানে পুনর্বহাল এবং ঘটনার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। তা নাহলে আগামী বুধবার থেকে খুলনার সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। পরিস্থিতির উন্নতি না হলে ইনডোর সেবা বন্ধসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হতে পাওে, যা কার্যত খুলনার স্বাস্থ্যব্যবস্থাকে অচল করে দিতে পারে।

বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ভাঙিয়ে সংগঠনের অভ্যন্তরে থাকা কয়েকজন ‘চিহ্নিত ব্যক্তি’ এই ঘটনার নেপথ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিও জানানো হয়।

বক্তৃতা করেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকরামুজ্জামান, খুলনা শিশু হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ দেবনাথ, ড্যাব নেতা ডা: গোলাম আজম প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার নগরীর শিরোমনিতে অবস্থিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।