মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুট করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিমতলী গ্রামের কৃষক আলী হোসেনের (৫৫) বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা একযোগে বাড়ির তিনটি কাঠের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলী হোসেনের গলায় ধারালো অস্ত্র ধরে তার ছেলে সজিবকে (২৪) রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় আলী হোসেনের স্ত্রী রাহিমা বেগমকে (৫০) মারধর করে। পরে তিনটি ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার, এক ভরি রুপা, নগদ ১৫ হাজার টাকা ও পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার আলী হোসেনের ছেলে সজিব ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেছিলেন। মুখোশধারী ডাকাত দলের সদস্যরা ডাকাতির সময় ব্যাংক থেকে উত্তোলন করা টাকা কোথায় রেখেছে তা জানতে চান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



