তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে একটি গ্রামের বাসিন্দাদের ৩০ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি জোরপূর্বক মাটি কেটে, গাছের চারা রোপণ ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার তালম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের শতাধিক পরিবার।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের খাসপাড়ায় শতাধিক পরিবারের সদস্যরা বংশপরম্পরায় বসবাস করে আছেন। খোশালপুর-নামাকুলামুলা আঞ্চলিক সড়ক থেকে খাসপাড়া মো: মতলেব হোসেনের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট রাস্তা জনসাধারণের একমাত্র চলাচলের পথ। ওই পাড়ায় মূলত পরিবারগুলো দীর্ঘ ৩০ বছর ধরে চলাচলের ওই রাস্তায় হাট-বাজারে যাতায়াত, ফসল আনা-নেয়া, রোগী পরিবহন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ যাবতীয় কাজে ব্যবহার করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন সরকার তার পৈতৃক সম্পত্তি দাবি করে রাস্তাটির খোশালপুর-নামাকুলামুলা আঞ্চলিক সড়কের সংযোগস্থলে বেড়া দিয়ে বন্ধ করে দেন এবং মাটি কেটে গাছের চারা রোপণ করেন।
অভিযুক্ত মো: বিদ্যুৎ হোসেন সরকার মুঠোফোনে বলেন, ‘রাস্তার ওই অংশটি আমার পৈতৃক সম্পত্তি। আওয়ামী লীগ সরকারের সময় দখল করতে পারিনি, এখন দখল করেছি।’
গ্রামবাসীর কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: নাজির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
গ্রামবাসীর লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার বিষয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



