বান্দরবানের থানচি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও করেছে স্থানীয়দের একটি অংশ। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযুক্ত বিজয় বড়ুয়াকে শনিবার রাতে আটক করা হয়। রোববার সকাল ১১টার দিকে তাকে থানচি থানায় সোপর্দ করা হলে একটি স্বার্থান্বেষী মহলের উসকানিতে স্থানীয় কিছু লোক থানায় বিক্ষোভ শুরু করে এবং অভিযুক্তকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
থানচি থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলাকালে একটি মহল স্থানীয়দের উত্তেজিত করে তোলে। একপর্যায়ে তারা থানার সামনে জড়ো হয়ে অভিযুক্তকে জনতার হাতে তুলে দেয়ার দাবি জানায় এবং থানা প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বলিপাড়া জোনের ৩৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি দ্রুত হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সাথে অসুস্থ শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিজিবির অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, “বিজিবি কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেয় না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতে পুলিশ কাজ করছে।”
তিনি আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
বিজিবি জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও মানবিক সহায়তায় তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।



