ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

ইলিশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকে ধাক্কা দেয়। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
দুমড়ে-মুচড়ে যাওয়া বাস
দুমড়ে-মুচড়ে যাওয়া বাস |নয়া দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় সফিকুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) দিবাগত রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুল শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম ও সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: আরিফ আনোয়ার নয়া দিগন্তকে জানান, সোমবার দিবাগত রাত ১০টার ১০ মিনিটের দিকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেয়ার আগে ‘ইলিশ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকে ধাক্কা দেয়। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এ সময় মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় বাসযাত্রী অমিত হাসানও আহত হন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

দুর্ঘটনার সময় নিহত ব্যক্তি মোটরসাইকেলে একাই ছিলেন বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।