কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন আমানগণ্ডা বিওপির সদস্যরা চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।



