নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় জেলার সব পাম্প বন্ধ ঘোষণা

পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
তেল পাম্প
তেল পাম্প |নয়া দিগন্ত

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু।

সাইফুল ইসলাম হিটু বলেন, ‘তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এর আগে শনিবার রাত ২টার দিকে ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ সময় নাহিদের সাথে থাকা চামরুল গ্রামের জিহাদ মোল্যার (২৭) ট্রাকচাপায় পা ভেঙ্গে যায়। জিহাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক সুজাত মোল্যা ট্রাকসহ পালিয়ে গেছে। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, ‘নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাতসহ ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন, ‘খবর পেয়ে সরেজমিন এসেছি। অভিযুক্ত চালককে ধরতে কাজ করছে প্রশাসন। এছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।’