উলিপুরে ঠিকাদারকে জিম্মি করে ৮ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৭

উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এক ঠিকাদারকে জিম্মি করে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগদ অর্থসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
উলিপুরে চাঁদা দাবির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়
উলিপুরে চাঁদা দাবির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয় |নয়া দিগন্ত

উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এক ঠিকাদারকে জিম্মি করে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগদ অর্থসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ এলাকার বাসিন্দা লুৎফর রহমান (৫০) পেশায় ঠিকাদার ও সরবরাহকারী। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঠিকাদারি কাজে চিলমারীতে অবস্থানকালে তিনি খবর পান, তার পরিচিত এক নারীর ভাড়া বাসায় কয়েকজন যুবক অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। রাত সাড়ে ১১টার দিকে তিনি সেখানে পৌঁছলে অভিযুক্তরা তাকে জিম্মি করে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে বলা হয়, টাকা না দিলে ওই নারীসহ তার আপত্তিকর ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। জীবন রক্ষার্থে তিনি পকেটে থাকা ১৫ হাজার টাকা তুলে দেন। এরপরও অর্থের জন্য তাকে মারধর ও হুমকি দেয়া হয় এবং রাতভর আটকে রেখে নির্যাতন চালানো হয়।

এক পর্যায়ে লুৎফর রহমান মোবাইল ফোনে স্ত্রীকে বাসা থেকে ১ লাখ টাকা ও একটি স্বাক্ষরিত ফাঁকা চেক বন্ধুর মাধ্যমে পাঠানোর অনুরোধ জানান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তার স্ত্রী ভোরে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করে। এ সময় চাঁদার ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফেরদৌস আহম্মেদ জীবন (৩০), মাসুদ রানা (২৩), মিনহাজুল ইসলাম মাহিম (২৬), নয়ন হোসেন (৩৬), সালমান ফারসি (২৭), আল ইমরান (২৫) ও আবু সিদ্দিক (২৮)।

এ ঘটনায় ভুক্তভোগী লুৎফর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরোপাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, চাঁদা দাবির ঘটনায় মামলা নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।