ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ‘জাতি রক্তের বিনিময়ে পাওয়া জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায়।’
রোববার (২৯ মার্চ) ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘প্রায় ১৪ শ’ শহীদ আর হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে বিজয়ী করেছে। কিন্তু সেই জনআকাঙ্ক্ষাকে সরকার পাশ কাটাতে সংবিধানের দোহাই দিচ্ছে। কিন্তু যে তরুণ সমাজ রাজপথে ফ্যাসিস্ট বিদায়ে জীবন দিয়েছে তারা যৌক্তিক দাবি আদায়ে আবারো রাজপথে নামবে।’
শিবির সেক্রেটারি বলেন, ‘বিএনপি সরকার তরুণদের পালস্ বুঝতে ব্যর্থ হয়েছে। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তারা আজ সেই শহীদদের রক্তের সাথেই বেঈমানী করছে।’
তিনি বলেন, ‘শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই জুলাই সনদকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করছে বিএনপি। গোটা জাতি যখন নতুন এক বাংলাদেশের স্বপ্নে বিভোর ঠিক সেই মুহূর্তে বর্তমান সরকার গণভোট, গুম ও সংস্কার কমিশন অধ্যাদেশ বাতিলের জন্য জাতীয় সংসদে প্রস্তাব এনেছে। এটা জুলাই শহীদদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। দেশের তরুণ সমাজ এটা মেনে নেবে না। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা সরকারের যেকোনো ভালো কাজের প্রশংসা করবো। দেশ ও জাতির স্বার্থে সরকার ভালো যা কিছু করবে ছাত্রশিবির তাকে সাধুবাদ জানাবে। একইসাথে দেশ ও জাতির প্রত্যাশার বিরুদ্ধে সরকারের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতেও পিছপা হবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে বিজয়ী করার মাধ্যমে ছাত্রসমাজ শিবিরের প্রতি তাদের ভালোবাসা জানান দিয়েছে বলেও জানান তিনি।
ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সাংগঠনিক দুই জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল, জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, শিবিরের কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শহর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, তরুণ জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিয়ের মাধ্যমে বিগত সংসদ নির্বাচনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে। আগামী দিনে শান্তির বাংলাদেশ গড়তে ছাত্রশিবিরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’
আসন্ন বগুড়া সদর আসনের উপনির্বাচনে উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, ‘বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল। কিন্তু বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, বিমানবন্দর চালু করেনি।’
সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে দুই হাজারের অধিক তরুণ অংশ নেন।



