গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, চত্বর ও রাস্তা-ঘাট পরিচ্ছন্ন রাখতে হবে। এর মাধ্যমে মানুষের অন্তরও পরিষ্কার থাকবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জামায়াতে ইসলামীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ন্যায়বিচার, সুবিচার ও নিরপেক্ষতার মাধ্যমে আমরা জনগণের স্বার্থে কাজ করে যেতে চাই। এ জন্য সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।’
পরিচ্ছন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা শাখার আমির এরশাদুল হক ইমন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, যুব জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন, স্থানীয় জামায়াত নেতা জাহিদুল ইসলামসহ অনেকে।



