বরগুনায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন বিএসএস কার্নিভাল ২০২৬। এই কার্নিভালের উদ্বোধনকালে জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি এমপি বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।’
রোববার (২২ মার্চ) সকালে জেলার সার্কিট হাউজ মাঠে বরগুনা সাইন্স সোসাইটির (বিএসএস) উদ্যােগে দুই দিনব্যাপী এই কার্নিভালের উদ্বোধন করেন নুরুল ইসলাম মণি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ।
এ সময় উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ‘এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরগুনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।’



