নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরের ফ্রিজের নিচ থেকে ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত নরোত্তম মৃধা উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থী।
নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নরোত্তম মৃধা নিজেদের ঘরের ফ্রিজের নিচ থেকে ইঁদুরের মাটি সরানোর সময় অসাবধানতাবশতঃ ফ্রিজের লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শিমুল কৌশিক সাহা জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



