বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আবারো ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শেরপুর পৌর শহরের ধুনট রোড মোড়ে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি।
এ সময় তারেক রহমান বলেন, ‘দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। বিগত সংসদ নির্বাচনগুলোতে বগুড়ায় ধানের শীষের বিজয় হয়েছে। আপনারা শেরপুর-ধুনটে বারবার ধনের শীষকে বিজয়ী করেছেন, আশা করছি এবারো এ আসনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
তিনি আরো বলেন, ‘সারা দেশের মানুষ জানে বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।’
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ; জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র জানে আলম খোকা; বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ; ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন; সাধারণ সম্পাদক ভিপি পাশা; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু; পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু; সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল; ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন; ধুনট পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন মন্ডল হারুন; জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন; শফিকুল ইসলাম শফিক; উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিংস; ছাত্রদল নেতা আরমান, প্রান্ত প্রমুখ।
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনট মোড় ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।
উপজেলার কলেজ রোড থেকে শেরুয়া বটতলা পর্যন্ত পুরো যাত্রাপথে ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানান।



