সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও হাটুভাঙা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), কায়েস্ত গ্রামের আবদুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার ও হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁও গ্রামের ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী।
এর সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ ও শাহজালাল সার কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে ফেলার মাধ্যমে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো চারজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। মঙ্গলবার (১১ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



