বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জমির দলিল সম্পাদনে সরকারের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না এবং কোনো সমিতি বা তৃতীয় পক্ষের নামে সাধারণ মানুষকে হয়রানি সহ্য করা হবে না।’
তিনি বলেন, ‘কোনো সমিতির নাম করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা যাবে না। অতিরিক্ত টাকা আদায় কিংবা কাউকে জিম্মি করে অর্থ নেয়ার সুযোগ আর থাকবে না।’
সোমবার (২ মার্চ) সিরাজগঞ্জের উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘উল্লাপাড়ার সাব-রেজিস্ট্রি অফিসে কোনো সিন্ডিকেট চলবে না। জমি ক্রেতা ও বিক্রেতার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি মধ্যস্বত্বভোগী হিসেবে থাকবে না। অতীতে যা হয়েছে, এখন থেকে সেসব অনিয়ম আর চলবে না।’
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং সরকারি নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দালালি বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সেবা প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার নির্দেশনা পরিদর্শনকালে এমপি রফিকুল ইসলাম খান অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দলিল নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।
সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, সাব-রেজিস্ট্রার ফারহানা আজিজ, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।



