নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় লঘুচাপের জোয়ারে প্লাবিত মোল্লা গ্রামে ঘর থেকে বের হয়ে পানিতে ভেসে গিয়ে মাহি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে; কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Hatia
নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে
নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে |প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গিয়ে মো: মাহি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের অটোরিকশাচালক মামুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু অটোরিকশাচালক মামুনের ছেলে।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া, আর হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ নিঝুমদ্বীপ। এ দ্বীপে বেড়িবাঁধ না থাকায় লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরেই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায় শিশুটি । অনেক খোঁজাখোঁজির পর বিকেলে বাড়ির পাশের চোরা খাল থেকে প্রতিবেশী বেলাল ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।