মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন মাওয়ামুখী সাবওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো: আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


