কোরবানির বর্জ্য অপসারণ করছে সিসিক, মাঠে ১১৫ ট্রাক

‘কোরবানি ঘিরে সিসিক ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঈদের আগে প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য একটি হটলাইন নম্বর চালু রয়েছে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছেন সিসিক পরিচ্ছন্নতাকর্মীরা
কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছেন সিসিক পরিচ্ছন্নতাকর্মীরা |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহার পশু কোরবানির বর্জ্য দ্রুত ও পরিবেশবান্ধব উপায়ে অপসারণ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। পলিথিন বা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এড়াতে এবার সিসিকের পক্ষ থেকে কোরবানিদাতাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে ৩০ হাজার বিশেষ পরিবেশবান্ধব ‘বায়োডিগ্রেডেবল’ (পচনশীল) ব্যাগ। এই ব্যাগ দিয়েই পরিবেশবান্ধব উপায়ে নগরীর বর্জ্য অপসারণ করছে ১১৫টি ট্রাক।

বৃহস্পতিবার (২৮ মে) সরেজমিনে নগরীর পাঠানটুলা রোড, আম্বরখানা ও ফাজিলচিশতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা সবুজ রঙের বিশেষ বায়োডিগ্রেডেবল ব্যাগে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করছেন। নগরীর প্রধান প্রধান সড়ক ও আবাসিক এলাকাগুলো থেকে বর্জ্য সংগ্রহ করে সিসিকের নিজস্ব ও ভাড়াকৃত ট্রাকে লোড করছেন কর্মীরা।

সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, নগরে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রায় সহস্রাধিক শ্রমিক একযোগে কাজ করছেন। বর্জ্য পরিবহনের জন্য সিসিকের নিজস্ব ৬০টি ট্রাকের পাশাপাশি আরো ৫৫টি ভাড়া করা ট্রাক সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করতে চায় সিসিক।

সিসিক সূত্রে জানা গেছে, এবার নগরীতে ২০-২৫ হাজার পশু কোরবানি হয়েছে। সিসিকের পক্ষ থেকে তালিকা তৈরি করে প্রায় ৩০ হাজার ব্যাগ বিতরণ করা হয়। প্রতি পিস ব্যাগের মূল্য পড়েছে ৫১ টাকা, যা কোরবানিদাতাদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। প্রতিটি ব্যাগ ২৫ কেজি বর্জ্য ধারণ ক্ষমতাসম্পন্ন। কিন্তু অনেক পরিবারে একাধিক পশু কোরবানি হওয়ায় দু’টি করে ব্যাগের প্রয়োজন ছিল। বাজেট স্বল্পতার কারণে চাহিদা থাকা সত্ত্বেও সবাইকে পর্যাপ্ত পরিমাণ ব্যাগ দেয়া সম্ভব হয়নি বলে স্বীকার করেছে সিসিক কর্তৃপক্ষ।

সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) একলিম আবদীন বলেন, ‘২০২৪ সালে স্বল্প পরিসরে কিছু ব্যাগ পরীক্ষামূলকভাবে বিতরণ করা হয়েছিল। তবে এ বছর ব্যাপকভাবে সফলতার সাথে ব্যাগ বিতরণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কোরবানি ঘিরে সিসিক ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঈদের আগে প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য একটি হটলাইন নম্বর চালু রয়েছে। যেহেতু অনেকেই দেরিতে কোরবানি দিচ্ছেন এবং ঈদের পরদিনও কোরবানি হবে, তাই আমাদের কর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন। আমরা আশা করছি, প্রথম দফার সিংহভাগ বর্জ্য আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই অপসারণ সম্পন্ন হবে।’