লক্ষ্মীপুরে হাসনাত আবদুল্লাহ

মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেন না

‘আমাদের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেন না।’

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
লক্ষ্মীপুরে হাসনাত আবদুল্লাহ
লক্ষ্মীপুরে হাসনাত আবদুল্লাহ |নয়া দিগন্ত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেন না।’

শুক্রবার (১০ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ বিজয় চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ‘বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে রাজনীতিবিদরা নীরব থাকেন। কারণ নির্বাচনের আগে রাজনীতিবিদরা ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পড়ে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকেন।’

তিনি বলেন, ‘আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলেন, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নেই যে আমরা শুধু সংসদে কথা বলবো। সংসদে যদি আপনি আমাদেরকে কথা বলতে না দেন, আমরা সংসদের বাইরে কথা বলবো; জনগণের সামনে কথা বলবো। আমাদেরকে কথা বলা থেকে দূরে রাখতে পারবেন না। মনে রাখবেন, ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠন করার পর সিদ্ধান্ত নিয়েছে তারা সংস্কার করবে না। জুলাইয়ে যারা রাজপথে নেমেছিল, তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দেবে। ৭০ শতাংশ মানুষের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র চালাতে চাইলে সেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না।’

এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।