দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে রাণীশংকৈলের যুবক নিহত

নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা-র কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি সেখানে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

Location :

Ranisankail
নিহত সোহান
নিহত সোহান |নয়া দিগন্ত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রবাসী তরুণ সোহান নিহত হয়েছেন। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা-র কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি সেখানে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহান দোকানে কাজ করছিলেন। মাগরিবের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দোকান মালিক মোমবাতি আনতে পেছনে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, আর্থিক কষ্ট সত্ত্বেও ধারদেনা করে সোহানকে বিদেশে পাঠানো হয়েছিল। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

নিহতের মামা মহরম আলী মিঠু বলেন, দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা প্রয়োজন। একই দাবি জানিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও।

সোহানের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, “সে ভদ্র ও পরিশ্রমী ছাত্র ছিল। তার এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।”

সোহানের বাবা দুলাল হোসেন ও মা সাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের ভবিষ্যতের আশায় তাকে বিদেশে পাঠানো হয়েছিল। এখন অন্তত তার লাশ দেশে এনে দাফনের সুযোগ চান তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল বারী জানান, লাশ দেশে আনার বিষয়টি পুলিশের আওতাভুক্ত নয়; তবে সামর্থ্যের মধ্যে সহযোগিতা করার চেষ্টা থাকবে।